মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যকে কেন্দ্র করে আলোচনায় এসেছেন জনপ্রিয় র‍্যাপার নিকি মিনাজ। মিশিগানের পোর্ট হিউরনে রিপাবলিকানদের এক নির্বাচনী জনসভায় মিনাজের শারীরিক গঠন নিয়ে প্রশংসাসূচক মন্তব্য করেন ট্রাম্প।

রোববার (২৫ অক্টোবর) জনসভায় যোগ দেওয়ার আগে ৪৩ বছর বয়সী এই সংগীতশিল্পী ট্রাম্পের সঙ্গে বিমানে ভ্রমণ করেন।

সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প প্রথমে ওহাইওর সিনেটর জন হাস্টেডের শারীরিক গঠন নিয়ে মন্তব্য করেন। পরে নিকি মিনাজের প্রসঙ্গ টেনে তাঁর অবয়বের প্রশংসা করেন তিনি।

মঞ্চ থেকে নামার সময় ট্রাম্প বলেন, নিকি মিনাজকে এর আগে কখনো এত সুন্দর দেখায়নি। এর আগে মিনাজের শারীরিক গঠন নিয়ে মন্তব্য করে তিনি উপস্থিত জনতার দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় মিনাজকে দাঁড়াতে বলেন ট্রাম্প এবং তাঁর মন্তব্যে তিনি অপমানিত বোধ করেননি বলে আশা প্রকাশ করেন।

জনসভায় বক্তব্য দিয়ে ট্রাম্পের প্রতি সমর্থন জানান নিকি মিনাজ। তিনি বলেন, ট্রাম্পের প্রত্যাবর্তনে দেশে আশার সঞ্চার হয়েছে এবং তিনি শিশুদের জন্য সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলছেন। আগামী মধ্যবর্তী নির্বাচনে মিশিগানে রিপাবলিকান প্রার্থীদের বিজয়ী করতে সমর্থকদের প্রতি আহ্বানও জানান এই সংগীতশিল্পী।

এর আগে ট্রাম্পের সঙ্গে বিমানে ভ্রমণের সময় ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়। ভিডিওটি ঘিরে হোয়াইট হাউসে মিনাজের সম্ভাব্য ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। এ বিষয়ে ট্রাম্পের যোগাযোগ পরিচালক স্টিভেন চিউংও রসাত্মক মন্তব্য করেন।

সূত্র: ডব্লিউআইওএন ও সিএনবিসি টিভি ১৮