মাত্র এক সপ্তাহে ৭ হাজার ৯৩৪ জন প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। একই সময়ে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে ১৩ হাজার ৯০৫ জনকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শনিবার (২৪ অক্টোবর) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ খবর প্রকাশিত হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ১৫ থেকে ২১ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে পরিচালিত অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে ৬ হাজার ৫৫৪ জন আবাসন আইন, ৩ হাজার ৮৬৫ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৩ হাজার ৪৮৬ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক হয়েছেন।

এ ছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় ১ হাজার ৮৮১ জনকে আটক করা হয়েছে। অন্যদিকে, অনুমতি ছাড়া সীমান্ত পেরিয়ে দেশত্যাগের চেষ্টাকালে আটক হয়েছেন আরও ২২ জন।

আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় ও কর্মসংস্থানের ব্যবস্থা করা কিংবা তাদের তথ্য গোপন করে সহায়তার অভিযোগে আরও ২১ জনকে গ্রেপ্তার করেছে সৌদি কর্তৃপক্ষ।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশটিতে ৩৭ হাজার ৬১৮ জন বিদেশি নাগরিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তাঁদের মধ্যে ৩৫ হাজার ৪৪৯ জন পুরুষ এবং ২ হাজার ১৬৯ জন নারী।

এদিকে, দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ার অংশ হিসেবে প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের জন্য ২০ হাজার ২৫২ জনকে নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। পাশাপাশি আরও ৬ হাজার ৫৫৫ জনের বিমানযাত্রার আনুষ্ঠানিকতা সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত এক সপ্তাহে মোট ৭ হাজার ৯৩৪ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। তবে ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে কোন দেশের কতজন নাগরিক রয়েছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।