মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পূবালী ব্যাংক পিএলসি’র সেলফ সার্ভিস সেন্টার (ইলেকট্রনিক বুথ) উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) বিকেল ৪টায় শহরের হবিগঞ্জ সড়কের শ্রীমঙ্গল ইন কমপ্লেক্সে স্থাপিত নতুন এ বুথের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
নতুন এ সেলফ সার্ভিস সেন্টার থেকে গ্রাহকেরা সব ধরনের ব্যাংকিং সেবা গ্রহণের পাশাপাশি ইউটিলিটি বিল ও শিক্ষাপ্রতিষ্ঠানের ফি পরিশোধ করতে পারবেন।
এ ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত এখানে যেকোনো ধরনের ব্যাংকিং হিসাব খোলার সুযোগ থাকবে। গ্রাহকদের সেবা দেওয়ার জন্য বুথটিতে সার্বক্ষণিক একজন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বুথটির উদ্বোধন করেন পূবালী ব্যাংক পিএলসি’র সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক চৌধুরী মো. শফিউল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকটির মৌলভীবাজার অঞ্চলের উপমহাব্যবস্থাপক ও অঞ্চলপ্রধান প্রদ্যুৎ কান্তি দাস এবং মৌলভীবাজারের সহকারী মহাব্যবস্থাপক আলমগীর হোসেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন শ্রীমঙ্গলের বিশিষ্ট ব্যবসায়ী মো. কদর আলী ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ইয়াকুব আলী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংকের শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক প্রণয় দেবনাথ। স্বাগত বক্তব্যও দেন তিনি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকটির পর্যটন নগরী উপশাখার ব্যবস্থাপক জান্নাতুল ফেরদৌস।
ব্যাংক সূত্র জানায়, গ্রাহকদের আধুনিক ও সহজলভ্য ব্যাংকিং সেবা দিতে এ ধরনের প্রযুক্তিনির্ভর উদ্যোগ নেওয়া হচ্ছে। নতুন এ সেলফ সার্ভিস সেন্টারের মাধ্যমে শ্রীমঙ্গলের গ্রাহকেরা আরও সহজে ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।
বর্তমানে বিশ্বজুড়ে ব্যাংকিং সেবায় প্রযুক্তির ব্যবহার বাড়ছে। নগদ অর্থের ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেন, ক্যাশলেস ব্যাংকিং ও কিউআর কোডভিত্তিক পেমেন্ট ব্যবস্থা সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এসব প্রযুক্তির মাধ্যমে দ্রুত ও সহজে লেনদেন করা সম্ভব, পাশাপাশি আর্থিক সেবাকে আরও সহজলভ্য করার সুযোগ তৈরি হয়।
শ্রীমঙ্গলে পূবালী ব্যাংকের নতুন সেলফ সার্ভিস সেন্টার চালুর উদ্যোগও গ্রাহকসেবাকে আধুনিকায়নের ধারাবাহিকতার অংশ।
ব্যাংক সূত্রে আরও জানা যায়, দেশে পূবালী ব্যাংকের এক হাজারের বেশি এটিএম বুথ রয়েছে। এ ছাড়া মৌলভীবাজার জেলায় ব্যাংকটির ১০টি ইলেকট্রনিক বুথ ও ৪৯৮টি পয়েন্ট অব সেল (পিওএস) মেশিন রয়েছে।
প্রসঙ্গত, ১৯৫৯ সালে ‘ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক’ নামে পূবালী ব্যাংকের যাত্রা শুরু হয়। ১৯৭২ সালে ব্যাংকটির নাম পরিবর্তন করে ‘পূবালী ব্যাংক’ রাখা হয়। পরে ১৯৮৩ সালে ব্যাংকটি পুনরায় বেসরকারি মালিকানায় ফিরে যায়। ব্যাংক সূত্রের তথ্য অনুযায়ী, বর্তমানে সারা দেশে পূবালী ব্যাংক পিএলসির ৫১৯টি শাখা ও ২৮৬টি উপশাখা রয়েছে।
মন্তব্য করুন