ভারত থেকে নতুন ১৮টি ব্রডগেজ যাত্রীবাহী রেলকোচ বাংলাদেশে আসছে। শুক্রবার (১৬ অক্টোবর) চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলপথ দিয়ে কোচগুলো দেশে প্রবেশ করার কথা রয়েছে। কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে এগুলো নেওয়া হবে সৈয়দপুর রেলওয়ে কারখানায়।

দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মামুনুর রশিদ জানান, গত ১২ অক্টোবর ভারতের পাঞ্জাবের কাপুরথালা থেকে কোচগুলো পাঠানো হয়। বর্তমানে সেগুলো পশ্চিমবঙ্গের রানাঘাট স্টেশনে রয়েছে। শুক্রবার দুপুরে সেখান থেকে ছেড়ে গেদে চেকপোস্টের আনুষ্ঠানিকতা শেষে দর্শনা দিয়ে বাংলাদেশে প্রবেশ করার কথা রয়েছে। দুপুর ১টার দিকে কোচগুলো দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনে পৌঁছাতে পারে।

তিনি জানান, দর্শনায় কাস্টমসের কার্যক্রম শেষ হলে কোচগুলো সৈয়দপুরে বাংলাদেশ রেলওয়ের নিজস্ব কারখানায় নেওয়া হবে।

বাংলাদেশ রেলওয়ে ভারতের রাইটস লিমিটেডের মাধ্যমে এসব কোচ সংগ্রহ করছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে ২০০টি ব্রডগেজ রেলকোচ সরবরাহের চুক্তির আওতায় প্রথম চালানে আসছে ১৮টি কোচ। এর মধ্যে রয়েছে ১১টি নন-এসি শোভন চেয়ার কোচ, তিনটি এসি চেয়ার কোচ, দুটি এসি স্লিপার কোচ ও দুটি এসি পাওয়ার কার।

পাওয়ার কারগুলোতে গার্ডদের জন্য পৃথক কামরা এবং যাত্রীদের মালামাল বহনের নির্ধারিত জায়গা রয়েছে। এ ছাড়া যাত্রীদের আরামদায়ক ভ্রমণের জন্য কোচগুলোতে রেক্লাইনিং চেয়ার, স্টেইনলেস স্টিলের আর্মরেস্ট ও ফুটরেস্ট রাখা হয়েছে।

নতুন কোচগুলো বহরে যুক্ত হলে বাংলাদেশ রেলওয়ের যাত্রী পরিবহন সক্ষমতা বাড়বে বলে আশা করা হচ্ছে।