মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বিরল প্রজাতির ক্যান্টর কুকরি সাপ (Cantor’s Kukri Snake) উদ্ধার করে বন্যপ্রাণী বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ৮টা ১০ মিনিটে শ্রীমঙ্গল শহরের শাহজি বাজার এলাকার মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের বাসায় হঠাৎ একটি সাপ দেখতে পান পরিবারের সদস্যরা। এতে তারা আতঙ্কিত হয়ে পড়েন। সে সময় বাসায় কোনো পুরুষ সদস্য না থাকায় বিষয়টি নজরুল ইসলামের প্রবাসী মেয়ের জামাইকে জানানো হয়। তিনি দ্রুত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করেন।
খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে সাপটি নিরাপদে উদ্ধার করেন। পরে সাপটি শনাক্ত করা হয় ক্যান্টর কুকরি সাপ (Cantor’s Kukri Snake) হিসেবে, যার বৈজ্ঞানিক নাম Oligodon cyclurus। এটি বাংলাদেশের অত্যন্ত বিরল এবং সম্পূর্ণ নির্বিষ (বিষহীন) প্রজাতির একটি সাপ।
উদ্ধার অভিযান শেষে সাপটিকে অক্ষত অবস্থায় শ্রীমঙ্গল বন্যপ্রাণী বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। বন্যপ্রাণী বিভাগের তত্ত্বাবধানে পরবর্তীতে সাপটিকে উপযুক্ত প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হবে বলে সংশ্লিষ্টরা জানান।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন জানায়, বিরল ও বিষহীন এই প্রজাতির সাপ পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এমন কোনো বন্যপ্রাণী লোকালয়ে চলে এলে আতঙ্কিত হয়ে হত্যা না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা উদ্ধারকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, উদ্ধার হওয়া সাপটির প্রজাতি শনাক্ত করেন দেশের বিশিষ্ট বন্যপ্রাণী গবেষক আদনান আজাদ।
মন্তব্য করুন