ঈদুল আজহার প্রথম দিনে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় পশু কোরবানির সময় ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন ৭৭ জন।

শনিবার সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত এসব আহত ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসেন।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মুশতাক আহমেদ জানান, ঈদের দিনে সকাল থেকে বিকেল পর্যন্ত কোরবানির পশু কাটতে গিয়ে বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রে কাটা পড়ে মোট ৭৭ জন আহত হন। তাদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

প্রতিবছর ঈদুল আজহার দিনে পশু জবাই ও মাংস কাটাকাটির সময় অসাবধানতাবশত অনেকেই ছুরি বা দা-কুড়াল জাতীয় ধারালো অস্ত্রের আঘাতে আহত হন।