পটুয়াখালী সদর উপজেলায় ইউনিয়ন পরিষদ সদস্যদের অংশগ্রহণে ২ দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। স্থানীয় সরকার বিভাগের ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করেছে পটুয়াখালী সদর উপজেলা প্রশাসন।
শুক্রবার (১৭ মে) সকাল থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন স্থানীয় সরকার, পটুয়াখালী-এর উপপরিচালক (উপসচিব) জনাব জুয়েল রানা। তিনি বলেন, “গ্রাম আদালতের কার্যক্রম সক্রিয় ও গতিশীল করার মাধ্যমে প্রান্তিক জনগণের দ্রুত ও স্বল্প ব্যয়ে ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব। এই প্রশিক্ষণ ইউনিয়ন পরিষদ সদস্যদের সে লক্ষ্যে দক্ষ করে তুলবে।”
দুই দিনব্যাপী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্যবৃন্দ। প্রশিক্ষণে কোর্স কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করছেন জনাব ইফফাত আরা জামান উর্মি, উপজেলা নির্বাহী অফিসার, পটুয়াখালী সদর।
রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও অন্যান্য সরকারি কর্মকর্তাগণ। তারা গ্রাম আদালতের গঠন, কার্যপ্রণালী, মামলার গ্রহণ ও নিষ্পত্তির নিয়মাবলি এবং বিচারিক প্রক্রিয়ার বিভিন্ন দিক সম্পর্কে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ প্রদান করেন।
প্রশিক্ষণের মাধ্যমে ইউনিয়ন পরিষদ সদস্যরা গ্রাম আদালতের সঠিক ব্যবহার, আইনগত কাঠামো এবং জনগণের ন্যায়বিচার নিশ্চিত করার প্রক্রিয়ায় কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়িত “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)” প্রকল্পটি মাঠ পর্যায়ে বিচার ব্যবস্থাকে সহজ, স্বল্প ব্যয় ও সময়োপযোগী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
মন্তব্য করুন