দেশে এডিস মশাবাহী ডেঙ্গুর প্রকোপ অব্যাহত আছে। গত একদিনে মশাবাহিত এই জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১২ জন। একই সময়ে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৭১১ জন। বুধবার (২ আগস্ট) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৭৩ জনের। আর আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ হাজার ১২৭ জনে।
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলামের সই করা সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (১ আগস্ট) সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৭১১ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা এক হাজার ১৩০ জন ও ঢাকার বাইরের এক হাজার ৫৮১ জন। এছাড়া ২৪ ঘণ্টায় মৃত ১২ জনের সবাই রাজধানী ঢাকার বাসিন্দা। স্বাস্থ্য অধিদফতর জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৫৭ হাজার ১২৭ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩১ হাজার ৪৪৬ জন।
পাশাপাশি ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ২৫ হাজার ৬৬৬ জন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪৭ হাজার ৫২৯ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ২৬ হাজার ৩৭৫ জন এবং ঢাকার বাইরের ২১ হাজার ১৫৪ জন। প্রতিবছর বর্ষাকালে রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ২০১৯ সালে দেশব্যাপী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ৩৫৪ জন।
ওই সময়ে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছিল। ২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। ওই বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া ২০২২ সালে ডেঙ্গু নিয়ে মোট ৬২ হাজার ৩৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরমধ্যে গত বছর মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে ২৮১ জন মারা গেছেন।
মন্তব্য করুন