কলাপাড়ার কুয়াকাটা পৌরসভার সাবেক দুই মেয়রসহ আওয়ামীলীগের ৫৬ নেতাকর্মীর নামে পেনাল কোড ও বিস্ফোরক আইনের ধারায় মামলা দায়ের করা হয়েছে। রবিবার ২৫ আগস্ট কুয়াকাটা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: সাইদুর রহমান সোহেল বাদী হয়ে মহিপুর থানায় এ মামলা দায়ের করেন। মামলায় শতাধিক অজ্ঞাত আসামি রয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ৭ অক্টোবর ২০২৩ খ্রী: কুয়াকাটা পৌর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মেয়র আব্দুল বারেক মোল্লা এবং সদ্য অপসারিত কুয়াকাটা পৌরসভার মেয়র মো: আনোয়ার হোসেনের নেতৃত্বে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের ক্যাডাররা বিএনপি অফিসে হামলা, ভাঙচুর, লুটপাট চালায়। এতে দেড় লক্ষ টাকার আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয় এবং আসামীরা রঙিন টিভি, সিলিং ফ্যান, ষ্ট্যান্ড ফ্যান, মূল্যবান কাগজপত্র, আসবাবপত্রসহ আড়াই লক্ষ টাকার মালামাল লুট করে নেয়। নগদ ৬০ হাজার টাকা ও চেয়ার টেবিল লুট করে। এসময় আসামীরা বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। ঘটনার পর পর কুয়াকাটা পর্যটন এলাকার সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। বিএনপি’র নেতা-কর্মীরা প্রান রক্ষায় দিকবিদিক ছুটতে থাকে। আসামীরা তৎকালীন সরকারি ক্ষমতাসীন দলের প্রভাবশালী হওয়ায় মামলা দায়ের করা তখন সম্ভব হয়নি।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনোয়ার হোসেন তালুকদার মামলা দায়েরের সত্যতা স্বীকার করে বলেন, আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে।