রাত পোহালেই ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস। এ দিবসকে সামনে রেখে লাল-সবুজের পতাকা বিক্রি করে সংসার চালান এক শ্রেণির মৌসুমি পতাকা বিক্রেতা। এ দিবসকে সামনে রেখে গত ৬-৭ দিন ধরে শ্রীমঙ্গলের বিভিন্ন সড়কে এই মৌসুমি পতাকা বিক্রেতাদের দেখা মিলছে। মানুষের হাতে হাতে আমাদের এই লাল-সবুজের জাতীয় পতাকা পৌছে দিতে শহরের আনাচে-কানাচে ঘুরে বেড়াচ্ছে মৌসুমী পতাকা বিক্রেতারা। মানুষও আগ্রহভরে কিনছেন লাল সবুজের পতাকা। সাথে শিশুদের জন্য কিনছেন বিজয় দিবস লেখা সংম্বলিত মাথার ফিতা, স্টিকার, ব্যাজ প্রভৃতি।

দেশের বিভিন্ন স্হান থেকে আসা এসব পতাকা বিক্রেতাদের দেখা মিলছে শ্রীমঙ্গল শহরের কলেজ রোড, স্টেশন রোড, হবিগঞ্জ রোড এবং মৌলভীবাজার রোডে। বিশেষ করে শহরের প্রাণকেন্দ্র চৌমোহনায় ভ্রাম্যমান এসব পতাকা বিক্রেতাদের দেখা পাওয়া যায় বেশি। এছাড়া শহরের আনাচে-কানাচেও এরা ঘুরে ঘুরে পতাকাসহ ব্যাজ, স্টিকার, ফিতা এসব বিক্রি করছেন।

কথা হয় বানিয়াচং থেকে আসা রুবেলের সাথে। তার বয়স ২০। সে একটি মাদ্রাসায় পড়ে। রুবেল জানায়, ১৬ ডিসেম্বর, ২৬ মার্চ, ২১ ফেব্রুয়ারি সহ বিভিন্ন জাতীয় দিবসগুলোতে সে জাতীয় পতাকা বিক্রি করে থাকে। এতে তার বেশ লাভ হয় বলে জানায়। রুবেল বলেন, জাতীয় পাতাকা সাইজভেদে ১৫০ থেকে ৫০ টাকা, ফিতা ১০ টাকা, ব্যাজ ৩০ টাকা, স্টিকার ১০ টাকায় বিক্রি করে থাকে।

জমির মিয়া। বয়স ৫০। তিনি এসেছেন হবিগঞ্জ থেকে। তিনি জানান, পেশায় তিনি রাজমিস্ত্রি। কিন্তুু এ সময়টা আসলে তিনি পতাকা বিক্রি করেন। এতে তার কিছু বাড়তি রোজগার হয়। তিনি আরো বলেন, সব জাতীয় দিবসেই তিনি পতাকা বিক্রি করে থাকেন। তিনি গত ৬ দিন ধরে শ্রীমঙ্গলে পতাকা বিক্রি করছেন বলেও জানালেন।