শ্রীমঙ্গলে এক শিক্ষকের বাসার বেডরুম থেকে বিষাক্ত শঙ্খিনী সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশন।

শ্রীমঙ্গলে অবস্হিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, শ্রীমঙ্গলের ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যান দেব জীবনের শহরতলীর ইছবপুরের বাসায় একটি শঙ্খিনী সাপ ঢুকে পড়ে। আজ মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে কল্যান দেবের স্ত্রী বেডরুমে প্রবেশ করার সময় সাপটি দেখতে পান। এ সময় বাসার লোকজন আতংকিত হয়ে পড়েন।

কল্যান দেব জানান, তিনি তাৎক্ষণিক বিষয়টি বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশনের পরিচালক সজল দেবকে জানালে তিনি ঘটনাস্হলে এসে সাপটি উদ্ধার করে নিয়ে আসেন।

সজল দেব জানান, সাপটি এখন বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশনে রাখা হয়েছে। বন্যপ্রাণী বিভাগকে জানানো হয়েছে। কাল সকালে সাপটিকে বন্যপ্রাণী ব্যবস্হাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগের শ্রীমঙ্গল কার্যালয়ে হস্তান্তর করা হবে।