আমরা সবার উৎসবে সবাই যাব, সবার আনন্দ ভাগাভাগি করে নিব। এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। শুধু আপনার ফোন কলের দূরত্বে আছি। আপনারা কল করবেন আমরা আপনাদের কাছে চলে যাব। আমাদের সেবার চাদর দিয়ে আপনাদেরকে ঢেকে রাখবো। আমরা আপনাদের এতটুকু ভরসা দিতে পারি। যদি কোন অপ্রীতিকর ঘটনা ঘটে আমাদেরকে সাথে সাথে জানাবেন আমরা ব্যবস্থা নেব। আপনারা নিরাপত্তার স্বার্থে পূজা মন্ডপে যথেষ্ট আলোর ব্যবস্থা ও সিসি ক্যামেরার ব্যবস্থা রাখবেন। আপনাদের জন্য আমাদের সার্বক্ষণিক নিরাপত্তা থাকবে। ২৪ ঘন্টায় আপনারা আমাদের নজরে আছেন। আমাদের সহযোগিতা পাবেন। আপনারা আমাদের জন্য আমানত। আমরা চেষ্টা করব আপনাদের উৎসব যাতে আপনারা সুন্দরভাবে পালন করতে পারেন।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গাজীপুরের শ্রীপুরে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলছিলেন সহকারী পুলিশ সুপার কালিয়াকৈর সার্কেল আজমির হোসেন। সোমবার( ১৬ অক্টোবর) দুপুরে শ্রীপুর থানা পুলিশের আয়োজনে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল ফজল মুহাম্মদ নাসিম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ ফকির, পুলিশ পরিদর্শক (তদন্ত) সাখাওয়াত হোসেন, বাংলাদেশ পূজা মন্ডপ কমিটির শ্রীপুর উপজেলার সভাপতি অরুণ চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সুমন কর্মকার প্রমুখ।